গাউছিয়া রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য নবনির্বাচিত জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমীরকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের টিম সদস্য এ.কে. ফখরুদ্দীন খান রাযি সহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সংগঠনকে শক্তিশালী ও মজবুত করার লক্ষ্যে দাওয়াতী কাজকে অধিক গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, আগামী দিনের পথ চলায় সকলের সহযোগিতা করতে হবে এবং ঝালকাঠি জেলার সকল মানুষকে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। তিনি আরো বলেন মানবসেবার মাধ্যমে জনগণের কাছে পৌঁছতে হবে এবং মানুষের অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা নবনির্বাচিত আমীরকে অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে ঝালকাঠি জেলায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।


