Tuesday, ২৪ November ২০২৬
সর্বশেষ
জাতীয়

সেন্ট মার্টিনের সৌন্দর্য টানে, যাত্রাপথের দুর্ভোগ ফেরায়

বিশেষ প্রতিনিধি: দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করলেও সেখানে পৌঁছানো ও ফিরে আসার পথে নানা বিড়ম্বনা এখন ভ্রমণের আনন্দকে ম্লান করে দিচ্ছে। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাট থেকে শুরু করে দ্বীপে অবস্থান এবং ফেরার সময় পর্যন্ত পর্যটকদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। জাহাজ ছাড়ার অনির্দিষ্ট সময়, দীর্ঘ নৌযাত্রা, বৈরী আবহাওয়ায় আটকে পড়া, বাড়তি খরচ এবং সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে।

পর্যটক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, বাঁকখালী নদীর নাব্য সংকটের কারণে জোয়ারের পানির জন্য অপেক্ষা করে জাহাজ ছাড়তে হয়। ফলে অনেক সময় গভীর রাতে বা ভোরে জাহাজ ছাড়ার ঘোষণা আসে। এতে পর্যটকদের হোটেল থেকে তড়িঘড়ি করে ঘাটে যেতে হয়। আবার ঘাট থেকে জাহাজে ওঠার পর সেন্ট মার্টিন পৌঁছতেও ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। সব মিলিয়ে ভ্রমণের আনন্দের পরিবর্তে তৈরি হচ্ছে ক্লান্তি ও ভোগান্তি।

নীলফামারী শহরের ব্যবসায়ী মো. খাইরুল আনাম প্রথমবার পরিবারের সদস্যদের নিয়ে সেন্ট মার্টিন ভ্রমণ করেন। তাঁর কাছে দ্বীপের সৌন্দর্য ও স্থানীয় মানুষের আতিথেয়তা ভালো লাগলেও দীর্ঘ নৌযাত্রা নিয়ে রয়েছে অসন্তোষ।

তিনি বলেন, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য জাহাজ ছাড়ার নির্দিষ্ট সময় নেই। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে জাহাজ চলাচল করায় পর্যটকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় জাহাজ চলাচল বন্ধ বা পরিবর্তনের বিষয়েও পর্যটকদের কাছে যথাসময়ে সঠিক তথ্য পৌঁছানোর ব্যবস্থা নেই।

পরিবারের ছয় সদস্য নিয়ে ভ্রমণ করা খাইরুল জানান, কক্সবাজার থেকে দ্বীপে যেতে তাঁর সাত ঘণ্টারও বেশি সময় জাহাজে থাকতে হয়েছে। এতে তাঁর বৃদ্ধ মা কয়েকবার বমি করেন। যাতায়াত বাবদ জনপ্রতি চার হাজার ২০০ টাকা জাহাজভাড়া দেওয়ার পরও পুরো ভ্রমণটি তাঁর কাছে স্বস্তির বদলে কষ্টকর মনে হয়েছে।

তাঁর পরিকল্পনা ছিল দুই রাত তিন দিন সেন্ট মার্টিনে থাকার। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাঁচ দিনের বেশি দ্বীপে থাকতে হয়েছে। এতে অতিরিক্ত সময় ও ব্যয়ের চাপ তৈরি হয়।

সুনামগঞ্জ থেকে সেন্ট মার্টিনে বেড়াতে যাওয়া এনজিওকর্মী জাহেদ হাসানও বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়েন। গত ১৮ নভেম্বর এক বন্ধুকে সঙ্গে নিয়ে দুই দিনের জন্য দ্বীপে গেলেও শেষ পর্যন্ত তাঁকে সেখানে পাঁচ দিন কাটাতে হয়।

জাহেদ বলেন, অতিরিক্ত তিন দিন অবস্থান করায় শেষ পর্যন্ত ধারদেনা করতে হয়েছে। তবে ওই সময় দ্বীপের হোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ পর্যটকদের প্রতি সহানুভূতিশীল ছিল।

তিনি জানান, সুনামগঞ্জ থেকে ঢাকা, পরে কক্সবাজার হয়ে বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাটে পৌঁছান। সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখার জন্য এত দূরের পথ পাড়ি দিয়ে এসে জোয়ারের জন্য জাহাজ ছাড়ার অপেক্ষা করতে হবে—এ বিষয়টি তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

পর্যটকদের অভিযোগ, বাঁকখালী নদীতে জোয়ারের পানি পর্যাপ্ত না হওয়া পর্যন্ত জাহাজ চলাচলের উপযোগী পরিস্থিতি তৈরি হয় না। কখনো কখনো রাত সাড়ে ৩টা থেকে ভোর ৪টার মধ্যেও জাহাজ ছাড়ার ঘোষণা দেওয়া হয়।

এ ধরনের পরিস্থিতিতে জাহাজ কর্তৃপক্ষ হোটেলে অবস্থানরত পর্যটকদের ফোন করে দ্রুত ঘাটে পৌঁছানোর নির্দেশ দেয়। গভীর রাতে হোটেল থেকে নদীর ঘাটে পৌঁছানো অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। নির্ধারিত সময়ে ঘাটে পৌঁছাতে না পেরে কেউ কেউ জাহাজে উঠতেও পারেন না।

অন্যদিকে, সময়মতো জাহাজে উঠতে পারলেও দীর্ঘ ছয়-সাত ঘণ্টার নৌযাত্রা পর্যটকদের জন্য শারীরিকভাবে কষ্টকর হয়ে উঠছে। এতে দ্বীপে অবস্থানের মূল্যবান সময়ও কমে যাচ্ছে।

পর্যটকদের একটি অংশের দাবি, কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পরিবর্তে টেকনাফের শাহপরীর দ্বীপ কিংবা মেরিন ড্রাইভের কোনো উপযোগী জেটি থেকে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হলে যাতায়াতের সময় অনেক কমে আসবে।

তাদের মতে, এসব স্থান থেকে জাহাজ চলাচল করলে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে সেন্ট মার্টিনে পৌঁছানো সম্ভব হতে পারে। এতে পর্যটকদের দুর্ভোগ কমার পাশাপাশি দ্বীপে অবস্থানের সময়ও বাড়বে।

সেন্ট মার্টিন-কক্সবাজার জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, পাহাড়ি ঢলের সঙ্গে পলি ও মাটি এসে বাঁকখালী নদীর নাব্য কমে গেছে। ফলে নদীতে পর্যাপ্ত জোয়ারের পানি না আসা পর্যন্ত জাহাজ চালানো সম্ভব হয় না।

তবে সেন্ট মার্টিনের ঘাটে এ ধরনের সমস্যায় পড়তে হয় না বলে জানান তিনি।

হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, আগে মেরিন ড্রাইভের নৌবাহিনী জেটি থেকে জাহাজ চলাচল করত। তখন সেন্ট মার্টিনে পৌঁছাতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টার মতো সময় লাগত। বর্তমানে পাঁচটি জাহাজ দ্বীপে যাত্রী পরিবহন করছে। আরও কয়েকটি জাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে।

তাঁর ভাষ্য, বাঁকখালী নদী থেকে জাহাজ ছাড়ার কারণে যাত্রার সময় বেড়ে যাওয়ায় পর্যটকদের ভোগান্তিও বাড়ছে। এ বিষয়ে বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে একাধিকবার জানানো হলেও কার্যকর সমাধান হয়নি।

তিনি আরও জানান, ৫ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরুর পর পর্যটকসংখ্যা ক্রমেই কমছে। গতকাল সোমবার পাঁচটি জাহাজে মাত্র এক হাজার ৩৬২ জন পর্যটক সেন্ট মার্টিনে গেছেন। এত কম যাত্রী নিয়ে জাহাজ চালানোয় জ্বালানি খরচও ওঠে না বলে জানান তিনি।

বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ মালিকানাধীন নৌঘাটে সেন্ট মার্টিনগামী পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টোল নেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগ অনুযায়ী, একই জেটি ব্যবহার করে মহেশখালী ও কুতুবদিয়াগামী যাত্রীদের কাছ থেকে জনপ্রতি পাঁচ টাকা টোল নেওয়া হলেও সেন্ট মার্টিনগামী যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫০ টাকা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কক্সবাজারের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক তফাজ্জল হোসেন। তাঁর দাবি, টেকনাফে বিআইডব্লিউটিএর জেটি থাকলেও মিয়ানমার পরিস্থিতির কারণে সেখান থেকে জাহাজ চালানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কক্সবাজার শহরের জেটি নিলামে দেওয়ার মাধ্যমে টোল পুনর্নির্ধারণ করেছে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

সেন্ট মার্টিন ভ্রমণে আরেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত সপ্তাহে দ্বীপে অন্তত দেড় হাজার পর্যটক দুর্ভোগে পড়েন।

স্থানীয় সতর্কসংকেত ৩ নম্বর জারি হওয়ায় ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তিন দিন জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। ফলে দ্বীপে অবস্থানরত পর্যটকদের অনেকে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক দিন বেশি থাকতে বাধ্য হন।

জাহাজ মালিকদের অভিযোগ, বৈরী আবহাওয়ার বিষয়ে যথাসময়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, আবহাওয়া বিভাগের সংকেত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাসময়ে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না।

তবে স্থানীয় সহকারী আবহাওয়াবিদ এম এ হান্নান জানান, আবহাওয়ার সংকেত যথারীতি বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়।

বিআইডব্লিউটিএর স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভাষ্য, ৩ নম্বর সংকেত জারি হলেই জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবছর ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন ভ্রমণ কার্যক্রমে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পর্যটন কর্তৃপক্ষ, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএসহ একাধিক সংস্থার দায়িত্ব রয়েছে।

জেলা প্রশাসনের দায়িত্ব সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় করা। পরিবেশ অধিদপ্তর পরিবেশসংক্রান্ত বিধিবিধান বাস্তবায়ন করে। পর্যটন কর্তৃপক্ষ পর্যটকদের অনুমতি ও টিকিটসংক্রান্ত বিষয় দেখে। পর্যটকদের নিরাপত্তায় রয়েছে কোস্ট গার্ড এবং জাহাজ চলাচল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিআইডব্লিউটিএ।

তবে বাস্তবে এসব সংস্থার মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নেই বলে অভিযোগ উঠেছে। গতকাল সকালে বাঁকখালী নদীর ঘাট থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার সময় সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিও দেখা যায়নি।

বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক তফাজ্জল হোসেন জানান, এখন পর্যন্ত ঘাটে পরিবেশ ও পর্যটন কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি আসেননি। জেলা প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিও তিন দিন ধরে নেই বলে জানান তিনি।

পর্যটকদের দাবি, নিরাপত্তার কারণে বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত যৌক্তিক হলেও দ্বীপে আটকা পড়া পর্যটকদের জন্য বিকল্প ব্যবস্থা থাকা দরকার। বিশেষ করে থাকা, খাওয়া ও চিকিৎসাসেবার বিষয়টি প্রশাসনের নজরদারিতে আনা প্রয়োজন।

একই সঙ্গে হোটেল, খাবার ও অন্যান্য সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পর্যটকরা।

তাদের মতে, সেন্ট মার্টিন ভ্রমণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ নৌযাত্রা ও জাহাজ ছাড়ার অনিশ্চিত সময়। এই ভোগান্তি অব্যাহত থাকলে দ্বীপের পর্যটন আকর্ষণ আরও কমে যেতে পারে। তাই যাতায়াত ব্যবস্থা সহজ, দ্রুত ও পর্যটকবান্ধব করতে বিকল্প ঘাট এবং জাহাজ চলাচলের বর্তমান ব্যবস্থাপনা পুনর্বিবেচনার দাবি উঠেছে।

পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ তদন্তে গত রবিবার সেন্ট মার্টিন দ্বীপে যান কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমদুর রহমান সায়েম।

তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে পর্যটক হয়রানির অভিযোগ তদন্ত করতে তিনি দ্বীপে গেছেন। খাবারসহ বিভিন্ন পণ্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

Related news

জ্বালানি আমদানিতে এজাজের ব্যবসায়িক নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠকে নতুন করে আলোচনায় জাতীয়

জ্বালানি আমদানিতে এজাজের ব্যবসায়িক নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠকে নতুন করে আলোচনায়

বিশেষ প্রতিনিধি: জ্বালানি আমদানি ঘিরে দেশের ব্যবসায়িক অঙ্গনে পুরনো প্রভাবশালী একটি বলয়ের তৎপরতা আবারও আলোচনায় এসেছে। ২০২৭ সালের…

admin · November ২৪, ২০২৬, ৬:৪৯ am

বিভাজন কমাতে বিপক্ষের যুক্তি শোনার আহ্বান ওয়াহিদউদ্দিনের জাতীয়

বিভাজন কমাতে বিপক্ষের যুক্তি শোনার আহ্বান ওয়াহিদউদ্দিনের

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বারবার রাজনৈতিক পরিবর্তন ও শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট…

admin · November ২২, ২০২৬, ৯:১৬ am

ব্যাংক খাতের স্বার্থে রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত চান আহসান এইচ মনসুর জাতীয়

ব্যাংক খাতের স্বার্থে রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত চান আহসান এইচ মনসুর

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের চেয়ে পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত…

admin · November ২২, ২০২৬, ৯:১০ am

Leave a comment